ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলায় সোমবার ভোরে ভয়াবহ ভূমিধসে অন্তত পাঁচটি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। ধ্বংসস্তূপের নিচে একটি পরিবারের তিন সদস্য আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে।
লোনাভালা বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ গজানন তোম্পে জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে মাভালের এক দুর্গম গ্রামে তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ভূমিধসের সময় ওই বাড়িতে তিনজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর সহায়তা চায়। পুনেভিত্তিক এনডিআরএফের পঞ্চম ব্যাটালিয়নের ৩০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল পাতান গ্রামে পৌঁছেছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ভূমিধসের কারণে এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পুরোনো পুনে-মুম্বই মহাসড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলাকালে যশবন্তরাও চহ্বান এক্সপ্রেসওয়ে (পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ে)তেও যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
অবিরাম ভারী বৃষ্টিতে মুম্বই ও আশপাশের এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। বৃহন্মুম্বই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) প্রবল বৃষ্টি, দমকা হাওয়া ও জোয়ারের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) মুম্বই, থানে ও রায়গড় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে রেল চলাচলও ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ মুম্বই-পুনে রুটে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোরসহ সমস্ত ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
বিএমসির সকাল ৮টার বুলেটিন অনুযায়ী, দিনভর মুম্বই ও শহরতলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
টানা বৃষ্টিতে গত দুই দিনে মুম্বইয়ে গাছ উপড়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে ৩০ জুন একটি গাছ চলন্ত স্কুলবাসের ওপর পড়ে এক শিক্ষার্থী নিহত হয়। রোববার মানখুর্দে একটি চাওল ধসে ছয়জনের মৃত্যু হয়েছে।

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ভারতের পুনেতে ভয়াবহ ভূমিধস”